মেঘনার জলদস্যু কানা জহির গংয়ের গুলিতে অন্তঃসত্ত্বা গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মেঘনায় দুইদল ডাকাত গ্রুপের সংঘের্ষ দুইজন নিহত হওয়ার ঘটনার জের ধরে মুন্সিগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ নারী পিংকি আক্তারকে (২০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে মেঘনা তীরবর্তী সদর উপজেলার কালীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ গ্রুপ কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে সকালে হামলা চালায়। এসময় রাজুর বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকিতে সামনে পেলে গুলি ছোড়ে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়। পিংকির ভাই রাজু ডাকাত কিবরিয়া মিজির সহযোগি।

পিংকি আক্তার বলেন, কানা জহিরের লোকজন আমার ভাইকে না পেয়ে আমাকেই গুলি করে চলে যায়। এ ব্যাপারে পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজির দুইদল ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights