মেঘের ফাঁকে

হাসিনা মরিয়ম

কি হতো যদি আর কয়টা দিন
তোমাকে কাছে পেতাম ,
কি এমন হতো যদি আর কিছুটা সময়
তুমি আমাকে আগলে রাখতে ,
কিইবা এমন ক্ষতি হতো যদি
দুজন দুজনের হাত ধরে আর কিছুটা সময়
ক্ষেতের আইলের ধার ঘেষে
দাড়িয়ে সূর্যাস্ত দেখলে,
পৃথিবীর কিইবা এমন ক্ষতি হতো,
কোথাও তো কোন কিছু থেমে নেই,
ঘড়ির কাটা তো টিক টিক করে জানিয়ে দিচ্ছে তার পথ চলা,
সাগরের ফেনিল ঢেউ আছড়ে পড়ছে বালুবেলায়,
কমলা রেশ টুকু ছড়িয়ে সূর্য ডুবে যাচ্ছে আপন আলয়,
শুধু আমারই কেন থেমে যাওয়া,
আমি কেন পথ চলতে চলতে থেমে যাব,
অপেক্ষার প্রহর আমাকেই কেন গুনতে হবে,
ভালবেসে আমিই কেন পোড়াবো নিজেকে,
তুমি কেমন সহজভাবে নিজেকে সামলে নিয়েছো,
তোমাকে দেখে বোঝার উপায় নেই তোমার
বুকের ভেতর উথাল পাতাল বিরহের ঝড় বয়ে যায়,
তুমি কেমন করে সহজভাবে বলো , ভাল থেকো
আমি কেন পারি না তোমার মত
সবকিছু সহজভাবে মেনে নিতে,
কেন আমি তোমার মত করে বলতে পারিনা সহজভাবে, তুমিও ভাল থেকো,
কেন আমার ঠোঁট বারবার কেপে উঠে
অব্যক্ত কষ্টে ,
কেন আমার দুচোখ ভিজে যায়
তোমার বিদায়ের ক্ষণে,
কেন আমার বুকের চাতাল ভেঙে যায়
তোমাকে হারাবার ভয়ে,
আমি কেন পারিনা তোমার মতো করে
পৃথিবীটা দেখতে,
হয়ত একদিন সময় আমাকে শিখিয়ে দিবে
তোমার মতো হতে,
হয়ত একদিন আমিও তোমার মতো
সহজভাবে বলবো ভাল থেকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights