মেরিনড্রাইভে নতুন ছাদখোলা পর্যটক বাস

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। ছাদখোলা বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। এ বাসের একটিতে ৫৯ এবং অন্যটিতে ৭৫ টি আসন রয়েছে। গতকাল সোমবার বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভে বাস দুটি পরীক্ষামূলক চলাচল করেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হচ্ছে ছাদখোলা দ্বিতল বিশিষ্ট টুরিস্ট বাস। গত শনিবার (১১ নভেম্বর) মাতারবাড়ী জনসভায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভ সড়কে বা দুটি পরীক্ষামূলক চলাচল করেছে। আগামী সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকদের জন্য চালু করা হবে। আগামীতে আরো ৩টি বাস সংযোজন করা হবে।

জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, প্রাথমিকভাবে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিসটি চালু করা হচ্ছে। নিয়মিত মেরিনড্রাইভ সড়কে চালু থাকবে। সোমবার (১৩ নভেম্বর) এই ট্যুরিস্ট বাস লাবনী পয়েন্টের বীচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সকাল ৮টা থেকে দুই ঘণ্টা পরপর মেরিনড্রাইভ দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত যাবে। এ বাস লাবনী থেকে শুরু করে দরিয়ানগর, সালসা বীচ, রেজুখাল, ইনানী বীচ ও পাটুয়ারটেক বীচসহ ৫ টি পয়েন্টে দাঁড়াবে। দিনে ৪ বার লাবনী থেকে পাটুয়ারটেক পর্যন্ত এ ট্যুরিস্ট বাস যাতে চলাচল করা যায় সেই পরিকল্পনা রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সাথে দ্বিতল বিশিষ্ট ছাদখোলা টুরিস্ট বাস দুটি চুক্তিভিত্তিক নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এখন থেকে এই টুরিস্ট বাসগুলো কক্সবাজারের দীর্ঘ মেরিনড্রাইভ সড়কে চলাচল করবে। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে। দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা ট্যুরিস্ট বাসে। এই বাস মেরিনড্রাইভের পাটুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এরই মধ্যে দীর্ঘ মেরিনড্রাইভ সড়কে পর্যটন স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে। তবে ভাড়া এখনো নির্ধারণ করা না হলেও ভাড়া সকলের সাধ্যের ভেতরেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights