মেসিকে ভালো লাগে: রোনালদো

মিউনিখে নেশন্স লিগের ফাইনালে আজ রাতে স্পেনের বিপক্ষে নামবে পর্তুগাল। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যেখানে তাকে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে হয় মেসি আর লামিনে ইয়ামালকে নিয়ে।

মেসির কথা উঠতেই স্মৃতিচারণ রোনালদোর। ‘মেসির প্রতি আমার একটা ভালো লাগা আছে, আমরা বহু বছর ধরে একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলাম। যেটা আমি আগেও সাক্ষাৎকারে বলেছি, আমরা দু’জন পনেরটি বছর ধরে দর্শকদের বিনোদন দিয়েছি। বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হলেই আমাদের কথা হতো। তার প্রতি এই ভালো লাগার কারণ সে সব সময় আমাকে সম্মান ও শ্রদ্ধা করত।’

মেসির কথা বলতে বলতেই রোনালদো জানান, এবারের ক্লাব বিশ্বকাপ খেলার জন্য তাকে আর্জেন্টিনার একটি দল প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাদেরকে ‘না’ বলে দিয়েছেন। ‘আমার এখন চল্লিশ চলছে, এখনও আমাকে ক্লাব বিশ্বকাপ খেলার প্রস্তাব দেয়। যদিও তাদের আমি হ্যাঁ বলতে পারিনি। আসলে আমি কখনো আর্জেন্টিনায় যায়নি, কিন্তু আমি সেখানে যেতে চাই।’

রোনালদোর এ কথায় কিসের ইঙ্গিত রয়েছে তা নিয়ে মিডিয়ায় চর্চা চলছে। ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার দুই দল বোকা জুনিয়র্স আর রিভার প্লেট খেলবে। রোনালদো কি তাহলে সৌদি ছেড়ে পরের মৌসুমে আর্জেন্টিনা যাবেন? নাকি শ্বশুর বাড়ি আর্জেন্টিনায় বেড়াতে যাবেন? স্পষ্ট করেননি রোনালদো।

তবে ইয়ামালকে নিয়ে একটা স্পষ্ট কথা বলে দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একটা অনুরোধ করেন রোনালদো। ‘তাকে প্রত্যাশার এতো চাপ দেবেন না। তাকে বেড়ে উঠতে দিন। তার মধ্যে প্রতিভার কমতি নেই। তাকে বেড়ে উঠতে দিন। বার্সার হয়ে সে দারুণ খেলছে। সে তার প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারছে। এই সময় তার ওপর বাড়তি চাপ দেবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights