মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে আরেকটি স্মরণীয় রাত কাটালেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকে নকআউট পর্বে তুলেননি, ভেঙেছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ রেকর্ডও। আর সেই কীর্তিতে মুগ্ধ হয়ে নিজের সঙ্গে মেসির তুলনাও টেনে আনলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

আগামীকাল বুধবার ৩৯ বছরে পা দেবেন মেসি। জন্মদিনের আগেই তিনি নিজেকে ও সমর্থকদের উপহার দিয়েছেন দুর্দান্ত এক পারফরম্যান্স। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই এসেছে তার পা থেকে। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা তাকে নিয়ে গেছে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে।

এর আগে বিশ্বকাপে সর্বাধিক ১৬ গোলের রেকর্ডটি ছিল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। আর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে উঠে গেছেন শীর্ষে।

মেসির এই অসাধারণ অর্জনে মুগ্ধ হয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, ‘এই পরিসংখ্যানই প্রমাণ করে সে সবাইকে ছাড়িয়ে গেছে। যদি কেউ বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পাওয়ার যোগ্য হয়, তাহলে সেটা অবশ্যই মেসি।’

এরপরই নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘আমার বয়স ৩৮ বছর, হে ঈশ্বর! ওই বয়সের আরও চার বছর আগেই আমি অবসর নিয়েছিলাম এবং তখন আমার ওজন ছিল ১২০ কেজি।’

ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারের কারণে রোনালদো নাজারিওকে তুলনামূলক কম বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলতে হয়েছিল। অথচ ৩৮ বছর বয়সেও মেসি বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন।

বিশ্বকাপে চারটি আসর খেলে রোনালদো নাজারিও করেছিলেন ১৫ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পথে প্রথমে সেই রেকর্ড পেছনে ফেলেন মেসি। পরে ক্লোসাকেও ছাড়িয়ে পৌঁছে যান শীর্ষে।

তবে মেসির রেকর্ড এখনই পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না। কারণ ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও পৌঁছে গেছেন ১৬ গোলের মাইলফলকে। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি ও এমবাপ্পের লড়াই আসরের পরবর্তী ম্যাচগুলোতে আরও জমে ওঠার আভাস দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights