মেসির মিয়ামিকে গোল বন্যায় ভাসাল রোনালদোর আল নাসর

অনলাইন ডেস্ক

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে গোল বন্যায় ভাসিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

বৃহস্পতিবার দিবাগত রাতে সৌদি আরবের কিংডম অ্যারেনায় যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামিকে ০-৬ গোলে হারিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোবিহীন নাসর।

ম্যাচের শুরু থেকেই মিয়ামিকে চেপে ধরে আল নাসর। যার ফলে ম্যাচের তৃতীয় মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ওতাভিওর ক্রস থেকে দারুণভাবে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। এর দুই মিনিট পরই নিজেদের অর্ধ থেকে চোখ ধাঁধানো এক শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আয়মেরিক লাপোর্তে।
প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর। তবে বিরতির পর হ্যাটট্রিক পূরণ করেন তালিস্কা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭৩ মিনিটে স্বদেশি অ্যালেক্স তেলেসের পাস থেকে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার হ্যাটট্রিক পূরণের আগে অবশ্য দলের হয়ে পঞ্চম গোলটি করেন মোহামেদ মারান।

ষষ্ঠ গোল হজম করার দশ মিনিট পর মেসিকে মাঠে নামান মায়ামি কোচ তাতা মার্তিনো। যদিও তখন মেসি খুব জাদুকরী কিছু করার উপায় ছিল না, আর সেটা হয়ওনি। তাই কোনো জয় ছাড়াই সৌদি আরব সফর শেষ করতে হলো মিয়ামিকে।

সৌদি আরব সফরে দুই ম্যাচের দুটিই হারল যুক্তরাষ্ট্রের দলটি। গত সোমবার সৌদি আরবের আরেক দল আল হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হারেন মেসি-লুইস সুয়ারেজরা।

এবার প্রাক-মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে জয়ের স্বাদ পায়নি মিয়ামি। এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টানা তিনটি হারের স্বাদ পেল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights