মেসির রেকর্ডের দিনে বড় জয় মায়ামির

অনলাইন ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) আবারও লিওনেল মেসির জাদুতে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রবিবার ভোরে চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে মেসি দুটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন। দুটি গোল করে মেসি ইন্টার মায়ামির ইতিহাসে মেজর সকার লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি।

আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি লিড নেয় ১৩ মিনিটের মাথায়। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে বসেন মেসি নিজেই।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দারুণ এক চিপ করে গোল করেন এলএমটেন।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights