মেসি-আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা প্রস্তাবের অভিযোগ
অনলাইন ডেস্ক
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, একটি পিআর কোম্পানি থেকে বড় বড় ক্রীড়াভিত্তিক পেজগুলোকে অর্থের বিনিময়ে মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে নেতিবাচক লেখা, ভিডিও ও মন্তব্য প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে একটা দাবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দাবিতে বলা হচ্ছে, বিশ্বকাপ চলাকালীন বড় বড় সব ফুটবল অ্যাকাউন্টকে একটি পিআর সংস্থা টাকার বিনিময়ে একটি প্রচারণায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রচারণার লক্ষ্য ছিল আর্জেন্টিনার বিপক্ষে নেতিবাচক বার্তা ছড়ানো।
এই দাবি তোলা হয়েছে ফুটিজম ও উইনা এফসি নামের দুই ফুটবল বিষয়ক এক্স অ্যাকাউন্ট থেকে। সেখানে জুড়ে দেওয়া হয়েছে একই স্ক্রিনশট। সেখানে দেখা যায় পিআর ৩৬০ ফুটবল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ই-মেইল এসেছে, যাতে প্রাপককে আহ্বান জানানো হয়েছে ‘ডাকাতি’, ‘রিগড’ ও ‘পক্ষপাতদুষ্ট রেফারিং’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে নির্দিষ্ট দলের বিরুদ্ধে ক্যাম্পেইনে নামার।
উইনা এফসি জানায়, এই আহ্বান তাদেরও করা হয়েছিল। আর সেখানেই তাদেরকে বলা হয় এসব কথা। তবে তারা জানিয়েছে এই আহ্বানে তারা সাড়া দেয়নি। তাদের পক্ষ থেকে আরও বড় একটি অভিযোগ জানান হয়েছে। তাদের ভাষ্য, ‘একজন বিখ্যাত ফুটবলার মেসি ও আর্জেন্টিনাকে লক্ষ্য করে একটি সমন্বিত গণমাধ্যম প্রচার অভিযান শুরু করেছেন।’
এই দাবি ফুটবল ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, এই তথ্যই হয়তো ব্যাখ্যা করে কেন টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই ধরনের আর্জেন্টিনাবিরোধী বার্তা প্রচার হতে দেখা গেছে।
তবে এখন পর্যন্ত সেই স্ক্রিনশটগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্য কোনো অ্যাকাউন্ট একই ধরনের প্রস্তাব পেয়েছে কিনা, কিংবা এমন কোনো বড় প্রচারণা আদৌ চালানো হয়েছিল কিনা, তারও কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, পিআর ৩৬০ নামের একটি পিআর ফার্মের অস্তিত্ব আসলেই আছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সে প্রতিষ্ঠানটি এখনও কোনো প্রতিবাদ জানায়নি।
সূত্র : এভরিথিং বারকা
