মেসি নাকি রোনালদো, বিশ্বকাপে পেনাল্টিতে কে বেশি কার্যকর?

অনলাইন ডেস্ক

আইসল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার তবে দেখে নেয়া যাক বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করায় আসলে কে বেশি কার্যকর।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে তুলনা মানেই এক চিরন্তন বিতর্ক। বিশ্বকাপের মহামঞ্চে গোল, অ্যাসিস্ট কিংবা ম্যাচ জেতানো পারফরম্যান্স; সবকিছু নিয়েই ফুটবলপ্রেমীদের আলোচনার অন্ত নেই। তবে বিশ্বমঞ্চে পেনাল্টি গোলের নিরিখে এই দুই কিংবদন্তির পরিসংখ্যান আসলে কী বলছে, তা নিয়ে কৌতুহল রয়েছে সবার মনেই।

ফিফার অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, টাইব্রেকারের শুটআউট বাদে বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দুজনেই বেশ সক্রিয় ছিলেন। বিশ্বমঞ্চে লিওনেল মেসি মোট ৬টি পেনাল্টি শট নিয়েছেন, যার মধ্যে বল জালে পাঠাতে পেরেছেন ৪ বার। অন্যদিকে, সিআর-সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি নিয়েছেন মোট ৪টি এবং গোল করতে পেরেছেন ৩টিতে।

ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, রোনালদো তাঁর তিনটি পেনাল্টি গোল করেছেন যথাক্রমে ২০০৬ সালে ইরানের বিরুদ্ধে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে। অপরদিকে, লিওনেল মেসির চারটি পেনাল্টি গোলের সবকটিই এসেছে স্মরণীয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরে সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন এলএম-টেন।

খালি চোখে সংখ্যার বিচারে বিশ্বকাপে পেনাল্টি গোলের ক্ষেত্রে মেসি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছেন। এমনকী, বিশ্বকাপ ইতিহাসের পেনাল্টি থেকে সর্বাধিক গোলদাতাদের তালিকাতেও মেসির অবস্থান রোনালদোর ওপরে। তবে যদি সাফল্যের শতকরা হারের নিখুঁত হিসাব কষা হয়, তবে কিন্তু পাশা উল্টে যাচ্ছে। পেনাল্টি থেকে গোল করার কার্যকারিতার দিক দিয়ে রোনালদোর সাফল্যের হার যেখানে ৭৫ শতাংশ, সেখানে মেসির সাফল্যের হার ৬৬ দশমিক ৭ শতাংশ। ফলে গোলসংখ্যায় মেসি এগিয়ে থাকলেও স্পট কিকের নিখুঁত দক্ষতায় রোনালদো কিছুটা হলেও এগিয়ে রাখছেন নিজেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights