মেসি যতদিন খেলবে, আমরা সমৃদ্ধ থাকব: স্কালোনি

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চার বছর আগে বিশ্বজয়ের নায়ককে নিয়ে এখনও আবেগে ভাসছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা এখনো তাদের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেনি। তবে প্রাথমিকভাবে ৫৫ জনের একটি স্কোয়াড তৈরি করা হয়েছে। এই তালিকায় আছেন বর্তমান অধিনায়ক মেসি।

আর্জেন্টিনা ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘মেসি যতদিন খেলবে, ততদিন আমরা সমৃদ্ধ থাকব। আমি চাই ও যতদিন পারে খেলুক। ওর বিদায় মানে আমাদের জন্য দিয়েগো মারাদোনার মতোই এক গভীর শূন্যতা।’

৩৮ বছর বয়সী লিওনেল মেসি ইতোমধ্যেই আর্জেন্টিনার হয়ে ১৯৮ ম্যাচে ১১৬ গোল করেছেন। ২০২২ বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি দুইবার কোপা আমেরিকাও জিতেছেন তিনি।

স্কালোনি আরও বলেন, ‘মেসিকে খেলতে দেখা এক অনন্য অভিজ্ঞতা। এটা ওর শেষ বিশ্বকাপ কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘দিয়েগো ম্যারাডোনা এবং মেসি, এই দুই কিংবদন্তি ফুটবলে গভীর ছাপ রেখে গেছেন।’

স্কালোনির মতে, মেসি এবং ম্যারাডোনা একসঙ্গে দলে থাকলে কৌশল নিয়ে ভাবতে হতো না। তিনি বলেন,‘তারা নিজেরাই ম্যাচ বদলে দিত, কোচের ভূমিকা তখন গৌণ হয়ে যেত।’

বিশ্ব ফুটবলে আরও দুই মহাতারকা- নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও চলছে শেষ বিশ্বকাপের জল্পনা। ব্রাজিল ও পর্তুগালের এই দুই তারকার ক্ষেত্রেও এটি শেষ বিশ্বমঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights