মেসি-রোনালদো দ্বৈরথ: বিশ্বকাপ মঞ্চে কি দেখা হচ্ছে দুই মহাতারকার?
অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বের চিরন্তন প্রশ্ন, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কি কখনও বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবেন? চলমান বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স আর নকআউট পর্বের সমীকরণ সেই প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা দুর্দান্তভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করলেও রোনালদোর পর্তুগালকে লড়াই করতে হচ্ছে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে।
বিশ্বকাপের বর্তমান ড্র অনুযায়ী, আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে পৌঁছায়, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকার। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কখনও মুখোমুখি হননি মেসি ও রোনালদো। তাই যদি সমীকরণ মিলে যায়, তবে ফুটবল প্রেমীরা সাক্ষী হতে পারেন ইতিহাসের অন্যতম এক ঐতিহাসিক লড়াইয়ের।
দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে, তবে শেষ বত্রিশ ও শেষ ষোলোর বাধা টপকালেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল। তবে পর্তুগাল যদি গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে যায়, তবে নকআউট পর্বের বিন্যাস অনুযায়ী ফাইনালের আগে এই দুই দলের আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। আবার যদি উভয় দলই নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়, তবে তাদের লড়াই হতে পারত শেষ ষোলোর মঞ্চেই।
জাতীয় দলের জার্সিতে মেসি ও রোনালদো এর আগেও দুবার মুখোমুখি হয়েছেন, তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ। ২০১১ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে মেসি ও রোনালদো দুজনেই গোল পেয়েছিলেন এবং আর্জেন্টিনা জয়লাভ করেছিল ২-১ ব্যবধানে। এরপর ২০১৪ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পর্তুগাল জয় পায় ১-০ গোলে। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে এই দুই তারকার লড়াই এখন ১-১ সমতায় দাঁড়িয়ে আছে। আর ক্লাব ফুটবলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ বারের দেখায় মেসি জয় পেয়েছেন ১৬ বার, রোনালদোর জয় ১০টিতে এবং বাকি ৯টি ম্যাচ হয়েছে ড্র।
দীর্ঘদিন ধরে চলে আসা এই দ্বৈরথ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিষয়টি নিয়ে রোনালদোকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করলেও পেশাদারিত্ব বজায় রেখে বলেন, এই দ্বৈরথটি হতে পারে সত্যিই দারুণ কিছু। ফুটবল বিশ্বও এখন তাকিয়ে আছে সেই ‘দারুণ’ মুহূর্তটির অপেক্ষায়, যেখানে হয়তো শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে পারেন এই দুই কিংবদন্তি।
