মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর টগর খাতুন (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর পৌর এলাকার ক্যাশবপাড়া এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, নোমান গার্মেন্টসের মালিক নোমানের ক্যাশবপাড়ার পরিত্যক্ত জমিতে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বামী সেন্টু মিয়া ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।
নিহতের স্বামী সেন্টু মিয়া বলেন, তিন দিন আগে তার স্ত্রী টগর খাতুন বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি একাধিকবার মেহেরপুর সদর থানায় যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে সহযোগিতা পাননি বলে দাবি করেন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
