মেহেরপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের রমেশ ক্লিনিকে ভুল চিকিৎসায় স্বর্ণালি খাতুন নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সাদ্দাম হোসেনের স্ত্রী এবং একই ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স।

মৃতের পরিবারের অভিযোগ, মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের কারণে স্বার্ণালী খাতুনের আর জ্ঞান ফেরেনি। বর্তমানে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।

জানা যায়, মেহেরপুর শহরের রমেশ ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স স্বর্ণালী খাতুন ক্লিনিকে দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার বিকেলের দিকে পেটে ব্যথা ওঠে। এসময় ঢাকা থেকে আগত ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান বিপু পরীক্ষা-নিরীক্ষা করে জানান অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠেছে এবং ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখনই অপারেশন করতে হবে।
পরে সন্ধ্যায় স্বর্ণালীর পরিবারকে কিছু না জানিয়েই তাকে অপারেশনের ওটিতে নেওয়া হয়। অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া চিকিৎসককে না ডেকে হাসপাতালের ম্যানেজার শহিদুল ফোনে পরামর্শ নিয়ে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন। এরপর অপারেশন শেষে তার জ্ঞান না ফিরলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে রাখা হয়।

তবে ক্লিনিক ম্যানেজার শহিদুলের দাবি, অ্যানেস্থেসিয়া চিকিৎসক মেহেদি হাসান নিজে অ্যানেস্থেসিয়া দিয়েছেন। এ ঘটনার পর থেকে ডা. মেহেদি হাসান আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। শনিবার ভোরে অ্যাম্বুলেন্সে তাকে সিরাজগঞ্জ আনোয়ারা হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, সকাল থেকে ক্লিনিক ভেতর থেকে বন্ধ রয়েছে। এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করলে পরিবেশ শান্ত রাখতে মেহেরপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি ইউনিট মোতায়েন রাখা হয়েছে।

রোগীর স্বজন মো. শয়ন বলেন, আমার ভাবীকে কখন কিভাবে কোন ডাক্তার দিয়ে অপারেশন করা হয়েছে, আমাদের পরিবারের কেউ জানে না।

এলাকাবাসী বলেন, ইতিপূর্বেও রমেশ ক্লিনিকে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। ক্লিনিকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, সঠিক নিয়মে অপারেশন করেছি। কিন্তু তিনি প্রেসারের ওষুধ খাবার কারণে ব্রেইন স্ট্রোক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান বলেন, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত বোর্ড গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights