মোংলা মৎস্যজীবী দলের সভাপতিকে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাহে আলমকে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে বুধবার দুপুরে মোংলা পৌরসভার সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও নিহত মাহে আলমের স্বজনরা।

দেড় বছর আগে ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলা শহর থেকে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাহে আলমকে অপহরণ করে সুন্দরবনের করমজলে নিয়ে তাকে হত্যা করে লাশ গুম করে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা। এ ঘটনার পর মৎস্যজীবী দলের সভাপতি মাহে আলমের পরিবারের দেওয়া মামলাটি থানায় গ্রহণ না করায় পরে তারা বাগেরহাট আদালতে মামলা করেন।

অপহরণের তিনদিন পর গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় সুন্দরবনের করমজলে অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। পুলিশ উদ্ধার মরদেহ উপজেলার চিলা ইউনিয়নের নিখোঁজ হিলটন নাথের (২০) বলে ওই পরিবারের কাছে দিয়ে দেয়। পরে মরদেহটি মৎস্যজীবী দলের সভাপতি মাহে আলমের দাবি করে তার পরিবার আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন জানায়। দীর্ঘ তিন মাস ১০ দিন পর ডিএনএ রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় মরদেহটি মাহে আলমের।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর মোংলা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাহে আলমের পরিবার মরদেহটি ফেরত পেলেও এখনো অপহরণ ও হত্যার সাথে জড়িত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় নিহত মাহে আলমের স্বজনরা বুধবার দুপুরে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন, শেখ রুস্তম আলী, বাবলু ভূইয়া, খোরশেদ আলম, মো. আলাউদ্দিন, অধ্যক্ষ মো. সেলিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, নিহত মাহে আলমের দুই ছেলে সোহেল রানা, সুমন রানাসহ অন্যরা।

বক্তারা মাহে আলমকে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের প্রভাবশালীদের গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights