মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ ইরানের বিপ্লবী গার্ডের

অনলাইন ডেস্ক
নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আমরা মোজতবা খামেনির প্রতি আজীবন আনুগত্য ও আন্তরিক থাকব। এছাড়া তিনি যে নির্দেশনা দেবেন সেটি বাস্তবায়নে প্রস্তুত থাকব।

এদিকে, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী মোজতবাকে জ্ঞানী, ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বিচক্ষণ হিসেবে অভিহিত করেছে। তারা আরও বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

ইরানে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে।

বিপ্লবী গার্ডের পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি মোজতবার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

এদিকে, উপসাগরীয় দেশগুলোর জন্য বর্তমান পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থার মতো বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, প্রতিদিনই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে অঞ্চলটির বিভিন্ন দেশ, ফলে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ইতোমধ্যেই চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচন উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তবে একই সঙ্গে দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও ধারণা করা হচ্ছে। নতুন নেতা হয়তো ভিন্ন কোনো বার্তা বা নীতির ইঙ্গিত দিতে পারেন, যা তাদের জন্য বিস্ময়ও হতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে এখনই বড় কোনো পরিবর্তনের আশা করা কঠিন। কারণ বর্তমানে পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থার মতোই।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights