মোদি-পেজেশকিয়ান ফোনালাপ, নৌপথ নিরাপত্তায় গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথোপকথনে প্রধানমন্ত্রী মোদি ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।

শনিবার প্রধানমন্ত্রী মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে তাকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা প্রকাশ করেছি, এই উৎসব পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।’

ফোনালাপে মোদি দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান। এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যহত করছে বলেও উল্লেখ করে। তিনি হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং নৌপথগুলো খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরান সরকারের সমর্থনের প্রশংসা করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান হওয়া উচিত বলেও ভারত তার অবস্থান পুর্নব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হয়। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে এই দ্বিতীয়বারের মতো ফোনালাপ হয়েছে। গত ১২ মার্চ প্রথম কথোপকথনে পেজেশকিয়ান ইরানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা হয়।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights