মোরেলগঞ্জে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ শাহিনুর বেগমের (৪৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে নিহতের বাড়ির সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্য ও ওই গ্রামের শতাধিক লোক।
মানববন্ধনে নিহত গৃহিনী শাহিনুর বেগমের স্বামী জাকির হোসেন তালুকদার, একই ঘটনায় মারপিটে আহত ছেলে রবিউল ইসলাম তালুকদার, মেয়ে তন্বী আক্তার, তানজিলা আক্তার, কৃষক আবুল কালাম, এমদাদুল হক তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির তালুকদার, তার স্ত্রী শাহিনুর বেগম ও ছেলে রবিউল তালুকদারের ওপর হামলা করে প্রতিবেশি প্রতিপক্ষের লোকেরা। এতে শাহিনুর বেগম ঘটনাস্থলে নিহত হন।
এ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মামলার ১ ও ২নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা জেল হাজতে আছে। অপর ৫ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছে।
