মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএসএআইডি’র অর্থায়নে শুরু হতে যাওয়া জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল ভবন নির্মাণ করবে বেসরকারি সংস্থা নবলোক।
সোমবার বিকেল ৩টার দিকে দুর্যোগপ্রবণ এই এলাকায় ‘উদ্যম’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ও নবলোক’র সহকারী পরিচালক মোস্তফা কামাল।
প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শারমিন সুলতানা যুথি, হিমাংশু দেব দত্ত রায় ও পল্লব রায়।
নবলোক পরিষদের বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় হোগলাবুনিয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে পানির ট্যাংক বিতরণ ও প্রায় ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল আবাসিক ভবন নির্মাণ করা হবে।
