মোহামেডান না ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক
চলতি ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হতে চলেছে। ২৩ মে পর্দা নামবে দেশের সবচেয়ে মর্যাদার আসর পেশাদার লিগের। তার আগে ১৯ মে শেষ হবে আরেক জনপ্রিয় আসর ফেডারেশন কাপ। চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আগেই ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার লড়াইয়ে কে হবে তাদের প্রতিপক্ষ তারই অপেক্ষা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন আজ ফাইনালে উঠতে লড়বে। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ০-৪ গোলে কিংসের কাছে হেরে যায়। অন্যদিকে এলিমিনেটরে মোহামেডান ৩-০ গোলে রহমতগঞ্জকে বিদায় করে দেয়। সর্বোচ্চ ১২ বার শিরোপা জেতা ঢাকা আবাহনী গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারে দুই গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে পরাজিত দল এলিমিনেটরে বিজয়ী দলের সঙ্গে খেলার সুযোগ পায়। ব্রাদার্স তাই মোহামেডানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল খেলবে।

কুমিল্লায় আজ জিতবে কে-মোহামেডান না ব্রাদার্স? ১৯৮০ সালে ফেডারেশন কাপের অভিষেক আসরে মোহামেডান ও ব্রাদার্স ফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকায় দুই দলকে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

এরপর মোহামেডান দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন হলেও ব্রাদার্স হয়েছে তিনবার। এর আগে ১৬ বার মোহামেডান ফাইনাল খেলেছে। ব্রাদার্স সব মিলিয়ে পাঁচবার। সর্বোচ্চ ২১ বার ফাইনাল খেলার রেকর্ড আছে ঢাকা আবাহনীর। ২০২৩-২৪ মৌসুমে মোহামেডান শেষবার ফাইনাল খেলেছিল। অন্যদিকে ২০০৫ সাল অর্থাৎ ২১ বছর আগে ব্রাদার্স শেষবার ফাইনালে উঠে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়।

শক্তির বিচারে দুই দল প্রায় সমান। তবে লিগে ব্রাদার্স সুবিধাজনক স্থানে না থাকলেও ফেডারেশন কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথম কোয়ালিফায়ারে খেলে। অভিন্ন বিষয় হচ্ছে দুই দল আজ লড়ছে আগের ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে। ব্রাদার্স লিগে ও মোহামেডান ফেডারেশন কাপে। ব্রাদার্স ভালো ফলের আশায় দ্বিতীয় লেগে সাফ কোটায় একাধিক পাকিস্তানি ফুটবলার অন্তর্ভুক্ত করলেও জ্বলে উঠতে পারেনি। আজকের ম্যাচেও মূলত তাদের ভরসা পাকিস্তানই। আলফাজ আহমেদকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর মোহামেডান কিছুটা হলেও চেনা রূপে ফিরেছে। উজবেকিস্তানের মোজাফররভের সঙ্গে লোকাল সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়া দুর্দান্ত খেলছেন। এঁরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সাদা-কালোর শিবিরে স্বস্তি নেমে আসতে পারে। অবশ্য মাঠের অবস্থা আজ কেমন থাকে সেটাই দুই দলের চিন্তার কারণ। বৃষ্টিতে এমনিতেই কুমিল্লার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। আজ বর্ষণ হলে খেলা চালানোই মুশকিল হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights