মোহাম্মদপুরে ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬টি মামলা হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন। এর আগে, রবিবার বিকেলে মোহাম্মদপুর চাঁদউদ্যান এলাকায় অভিযান চালিয়ে সুমন ওরফে কাইল্ল সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রবিবার বিকেলে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে অবৈধ অস্ত্রের বিষয় জানতে চাইলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে, তার চাঁদউদ্যান এলাকার বাসায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে চাঁদউদ্যানের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চাঞ্চল্যকর মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার ৪ নম্বর আসামি ছিলেন সুমন। ওই মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়। তিনি আদালত থেকে জামিনে না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে ১৬টি মামলা বিচারাধীন। এছাড়াও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুমন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights