মৌলভীবাজারে আলোচিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, মূলহোতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূলহোতা সেলিম আহমদ ওরফে বটলা সেলিমকে (৩৮) চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন।

তিনি জানান, গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে রেহেনা বেগম শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তার পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে টাকাভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয়।

ঘটনার পরদিন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মূলহোতা বটলা সেলিমকে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বটলা সেলিম ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির অন্তত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights