ম্যাচ জিতলেও শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া

অনলাইন ডেস্ক
আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতলেও শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ রানের জয় পায় মুম্বাই। কিন্তু সেই ম্যাচে মুম্বাই তাদের ওভার সময়ের মধ্যে শেষ করতে পারেনি। ফলে ১২ লাখ রুপি জরিমানা হল হার্দিক পান্ডিয়ার। আরও দু’বার এই ভুল করলে নির্বাসিত হতে হবে হার্দিককে।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম বার ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের ১২ লক্ষ রুপি জরিমানা হয়। দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ রুপি জরিমানা হয়। যে শাস্তি পেয়েছেন ঋষভ পান্থ। তৃতীয় বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিক পান্ডিয়া প্রথম বার এই ভুল করেছেন। তাই তার ১২ লক্ষ রুপি জরিমানা হয়েছে।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯২ রান করে মুম্বাই। সূর্যকুমার যাদব ৫৩ বলে ৭৮ রান করেন। তিলক বর্মা ১৮ বলে ৩৪ রান করেন। তাদের দাপটে মুম্বাই ১৯২ রানে পৌঁছে যায়। সেই রান তাড়া করতে নেমে ১৪ রানে ৪ উইকেট চলে গিয়েছিল পাঞ্জাবের। সেখান থেকে আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং লড়াইয়ে ফিরিয়ে আনেন দলকে। আশুতোষ ২৮ বলে ৬১ রান করেন। তিনি পাঞ্জাবকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু জেরাল্ড কোয়েৎজির বলে আশুতোষ আউট হতেই পাঞ্জাবের জয়ের আশা শেষ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights