মৎস্য পোনা অবমুক্ত করলেন চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগ আরও সম্প্রসারিত করা জরুরি।
শনিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। জনসচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা নির্ধারিত জলাশয়ে অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
