যবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে গণভোজ
নিজস্ব প্রতিবেদক, যশোর
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে আয়োজিত এ কর্মসূচিতে তিন হাজার ২২০ জন শিক্ষার্থী অংশ নিতে টোকেন সংগ্রহ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়। গণভোজে শিক্ষার্থী প্রতি ব্যয় হয় ২০০ টাকা। এর মধ্যে শিক্ষার্থী ৭০ টাকা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯০ টাকা এবং সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ৪০ টাকা বহন করে।
মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আয়োজনটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
