যশোরে অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল।

রবিবার রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় দেলবার মণ্ডলের বাড়িতে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে জুয়ার আসর পরিচালনার তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ডযুক্ত দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। পরে সোমবার আটক রুনা পারভীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের এসআই জয়নুল আবেদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights