যশোরে ককটেল বোমা হামলায় জিয়া ফকির নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বোমা হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির রানাগাতী গ্রামে ওহাব ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়ায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বোমা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিয়া ফকিরের নামে অভয়নগর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল। দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকার পর মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেন।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। নিহত জিয়া ফকিরের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights