যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন (৫৩) নামে বিএনপির এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি এলাকায় জমি কেনা-বেচার ব্যবসা করতেন বলে এলাকাবাসী জানান।

নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেলযোগে শহরের বটতলা এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে। সংবাদ পেয়ে তিনি সদর হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ দেখতে পান।

বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নিহত আলমগীর হোসেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এবং যশোর নগর বিএনপির সাবেক সদস্য।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, নিহতের মাথার দু’পাশে দুটি গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক বলেন, শংকরপুর ইসহাক সড়কে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানার এবং আসামি আটকের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights