যশোরে ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে ভরণপোষণ না দেওয়া, মারধর ও হত্যার হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। বুধবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের করিমন নেছা তাঁর ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে এ মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, শুভ শেখ বাবা-মাকে ভরণপোষণ দেন না। মাদক সেবনের টাকা জোগাড় করতে তিনি বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। টাকা না পেলে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাবা-মা তাঁকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিলে ক্ষিপ্ত হয়ে দুজনকে মারধর করেন শুভ। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে জখম হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মামলা বা সালিশের উদ্যোগ নিলে শুভ শেখ তাঁদের হত্যার হুমকি দেন।
