যশোরে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, যশোর
রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে যশোরে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচজন সাবেক সংসদ সদস্যসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের ছেলে রাজীব রায় এবং সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য।
মামলার এজাহারে এসআই আশরাফ উদ্দিন উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের আজিজ সিটি রোড এলাকায় একত্রিত হয়। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
এজাহারে আরও বলা হয়, নাম উল্লেখ করা প্রথম ১৩ জন নিষিদ্ধ সংগঠনের গডফাদার ও অর্থ জোগানদাতা এবং বাকি ২৭ জন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে গত ২৯ ও ৩০ এপ্রিল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
