যাত্রাবাড়ীতে বাস পোড়ানোর ঘটনায় বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
গতকাল শনিবার মাতুয়াইলে স্বদেশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাস পোড়ানোর ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন।
আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন। তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বাস পোড়ানোর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘বিএনপির নেতাকর্মীরা শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টায় হঠাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, বাঁশের লাঠি ও ককটেল নিয়ে আসেন। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করেন। এতে তারা জনগণের চরম ভোগান্তির সৃষ্টি করেন। পুলিশের ওপর হামলা করেন। স্বদেশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।’
