যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শনির আখড়া ব্রিজের ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), মো. ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), মো. রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মো. মিজান (৫১), মো. আলমগীর (৪৮), মো. মামুন (৪৫), মো. রাশেদ (৩৫), মো. শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও মো. সাইদুল ইসলাম (২৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন কম দামে সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights