যাত্রীকে অস্বাস্থ্যকর আসন দেওয়ায় ইন্ডিগোকে দেড় লাখ রুপি জরিমানা

যাত্রীকে অস্বাস্থ্যকর আসন দেওয়ার অভিযোগে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোকে দেড় লাখ রুপি জরিমানা করেছে দিল্লির কনজিউমার ফোরাম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এক যাত্রী এই বিমান সংস্থার বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা আসন দেওয়ার অভিযোগ তুলে কনজিউমার ফোরামের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লির কনজিউমার ফোরাম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি পিংকি নামের এক নারী দিল্লি থেকে আজারবাইজানের রাজধানী বাকু যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিট কেটেছিলেন। কিন্তু তাকে যে আসন দেওয়া হয়েছিল, তা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গেই পিংকি কেবিন ক্রুদের পুরো বিষয়টি জানান। কিন্তু প্রাথমিকভাবে তার অভিযোগের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। অনেক অনুরোধের পরে তাকে অন্য একটি আসনে বসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনার পর পিংকি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি ইন্ডিগোকে আইনি নোটিস পাঠালেও তেমন কোনও জবাব মেলেনি। এরপর পিঙ্কি দিল্লির কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেন। সে অনুযায়ী ঘটনায় তদন্ত শুরু করে দিল্লির কনজিউমার ফোরাম। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি।

কনজিউমার ফোরাম স্পষ্ট জানিয়ে দেয় যে, যাত্রীদের নোংরা আসন দেওয়া এয়ারলাইন্সের দায়িত্ব এবং চুক্তির নিয়ম বিরোধী। ইন্ডিগো যাত্রীদের সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইন্ডিগো নিজেদের পক্ষে কোনও সিচুয়েশন ডেটা ডিসপ্লে (এসডিডি) রিপোর্ট জমা দিতে পারেনি বলেও জানিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। এর পরেই বিনা কারণে হয়রানির জন্য পিংকিকে দেড় লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ইন্ডিগোকে। একই সঙ্গে মামলার খরচ বাবদ আরও ২৫ হাজার রুপিও দিতে বলা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights