যাদের সেবক হওয়ার কথা ছিল তারা মালিক হয়ে বসে আছে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা জাতির ভাগ্য বদলের কথা বলেছেন, দিনশেষে তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির। যাদের জাতির সেবক হওয়ার কথা ছিল তারাই মালিক হয়ে বসে আছে।’

আজ রবিবার সকালে খুলনা থেকে ফেরার পথে নড়াইলের মালিবাগ মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।

নতুন বাংলাদেশ গড়া প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে দল-ধর্ম-নারী-পুরুষ সবাই মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে। আমরা কে ধনি কে গরিব সেটা দেখব না, দেখব আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে।’

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে পুরুষের পাশাপাশি নারী তার বাড়িতে-কর্মস্থলে নিরাপত্তার সাথে কাজ করতে পারে। কোনো জালিম যেন তার দিকে চোখ তুলে তাকাতে না পারে।’

খুলনার সমাবেশ থেকে ফরিদপুর সমাবেশে যাবার পথে তিনি নড়াইলের মালিবাগ ও লক্ষ্মীপাশায় দুটি পথসভা করেন। এতে তার সঙ্গী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, খুলনা জেলা আমির মাওলানা মাহফুজুর রহমান। নড়াইলে পথসভায় তাকে স্বাগতম জানান জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির মো. জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights