যানজটে আটকে গেল ট্রেন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের সল্টগোলা লেভেল ক্রসিং এলাকায় ট্রাক-লরির যানজটে আটকে গেছে ট্রেন। গত মঙ্গলবার বিকালে নগরের সল্টগোলা লেভেল ক্রসিং এলাকায় যানজটে ট্রেন আটকে থাকার দৃশ্য ধারণ করেন পথচারীদের অনেকে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যায়, সড়কে ট্রেন আটকে যাওয়ার এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকালের দিকে। চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে ট্রেনটি হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনে যাচ্ছিল। চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া পণ্যবাহী ট্রেনটি সল্টগোলা লেভেল ক্রসিংয়ে আটকে যায় কাভার্ড ভ্যান, লরির চলাচলের চাপে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন সড়কের মাঝ দিয়ে যাওয়া ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর দিয়ে (ক্রসিং) ট্রাক-লরি চলতে থাকে। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিনটি সড়কের ওপরেই থমকে যায়। কিন্তু ট্রেন আসা সত্ত্বেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। এ সময় সড়কের দুই পাশেও গাড়ির জট তৈরি হয়। ট্রেনের ইঞ্জিন থেকে কয়েক দফা হুইসেল দেওয়া হলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান বলেন, ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিজিপিওয়াই স্টেশনে যাচ্ছিল। বিকালের ট্রাক-লরির সঙ্গে যানজটে ট্রেনটি আটকে পড়ে। সল্টগোলা ক্রসিং সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি আট কিলোমিটার। তবে পণ্য নিয়ে যাওয়ার সময় গতি আরও কম থাকে। ওখানে গাড়িচালকদের ন্যূনতম ধৈর্য নেই। কার আগে কে পার হবেন, কত তাড়াতাড়ি যাবেন-এই প্রতিযোগিতা কাজ করে গাড়িচালকদের মধ্যে। ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
