যানজট-ট্রাফিক সমস্যা সমাধান করব: দিপু ভূঁইয়া

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, নারায়ণগঞ্জের অবদানের তুলনায় এখানে অনেক আগেই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সরকার তা করেনি।

তিনি বলেন, জেলায় বহু শিল্প প্রতিষ্ঠান ও মার্কেট থাকলেও ফায়ার স্টেশনের সংখ্যা খুবই কম। বড় কোনো দুর্ঘটনা ঘটলে ঢাকার সহায়তা নিতে হয়। যানজট নিরসনের অংশ হিসেবে বাসস্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গণতান্ত্রিক সরকার না থাকায় তা বাস্তবায়ন হয়নি। শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তর করা গেলে যানজট অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দিপু ভূঁইয়া বলেন, বিকেএমইএ ও চেম্বার যৌথভাবে যানজট নিরসনে ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। প্রয়োজন হলে আরও স্বেচ্ছাসেবক দেওয়া হবে। ব্যবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ছোট ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হয়, এমন অভিযোগ উঠেছে। কিন্তু আমদানিকারকদের গুদাম তদারকি করা হয় না। প্রশাসনের কাছে আমাদের দাবি, সবাইকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আরও বলেন, সকালে জানা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের সহযোগিতায় সবার সমন্বয়ে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights