‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, যশোর
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না।’

আজ শনিবার দুপুরে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভীন মুক্তি ও সহ-পরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, ‘আওয়ামী লীগের দু:শাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়ের আন্দোলন থেকেও শিক্ষা নিতে হবে। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে। আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়।’

তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দল অন্যায় করলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ বাহিনীর বিরুদ্ধে কথা বলতেও জনগণ কুণ্ঠাবোধ করছে না। এ অবস্থায় রাজনীতিকদের মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে, প্রতিপক্ষের ভাল সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘যে মুহুর্তে আমরা এসব ভুলে যাবো, তখনই খাদের কিনারায় পৌঁছে যাবো। তাই নিজেদের পরিশুদ্ধ করা ছাড়া বিকল্প কিছু নেই আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights