যার দেশপ্রেম আছে, সে দুর্নীতি করতে পারে না: ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যার মধ্যে দেশপ্রেম আছে, সে কখনোই দুর্নীতি করতে পারে না। জীবনে যার যতটুকু আছে, সেটি নিয়েই সৎভাবে নিজের কাজটুকু করতে হবে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোানার পাহাড়ি উপজেলা দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, পৃথিবীর অনেক দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়েও আজকে তারা অনেক এগিয়ে গেছে। আজকে তারা অনেক উন্নত। আমাদের পিছিয়ে পরার বড় কারণ দুর্নীতি। আমরা যদি দেশটাকে ভালোবেসে সততার সঙ্গে নিজের কাজটুকু করি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।

তিনি বলেন, পেশাগত জীবনে সততার বিকল্প নেই। পেশাগত জীবনে আমরা যদি সৎ না হই, সমাজ ও রাষ্ট্রকে যদি দুর্নীতিমুক্ত রাখতে না পারি, তাহলে কখনোই এগোতে পারবো না। আমাদের পূর্বপুরুষরা দেশটা স্বাধীন করে গেছেন, সেই স্বাধীন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আমরা পাব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিচ্ছেন, সেই উদ্যোগগুলো কোনো দলের নয়, দেশের জন্য নিচ্ছেন। আপনাদের এই মাইন্ড সেটআপটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আমার সব কাজ, আমার সব কথা আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু যে কাজটা বা যে কথাগুলো, যে সিদ্ধান্তগুলো সমাজের জন্য ভালো হয়, রাষ্ট্রের জন্য ভালো হয় সেগুলোকে দয়া করে সমর্থন দিন।

সংর্বধনা অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী ও উপজেলা বিএনপির সভাপতি জবিরুল আলম ভুইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights