যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা ‘বৈধ লক্ষ্যবস্তু’, কঠোর হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মার্কিন সামরিক বাহিনীকে যেকোনও ধরনের সহায়তা দেওয়া ব্যক্তি, গোষ্ঠী বা উৎসকে ইরানের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের সশস্ত্র বাহিনীর অধীনস্থ কেন্দ্রীয় কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বুধবার বিবৃতিটি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে কোনও আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে সেই অভিযানে যেকোনও ধরনের সহায়তা বা সহযোগিতার উৎসকে ইরানের সশস্ত্র বাহিনী বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।

বিবৃতিতে আরও বলা হয়, “ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে মার্কিন বাহিনীর আগ্রাসনে যেকোনও ধরনের সহায়তার উৎস ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হবে।”

বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র দেশগুলোর ভূমিকা ঘিরে তেহরানের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলছে।

তবে বিবৃতিতে কোনও নির্দিষ্ট দেশ, সংগঠন বা পক্ষের নাম উল্লেখ করা হয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights