যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, বর্তমান ইরান সংঘাতের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক আগ্রাসন, যা স্বীকার করতে আন্তর্জাতিক মহলের একটি বড় অংশের মধ্যে একধরণের অনীহা কাজ করে।

আনোয়ার ইব্রাহিম জানান, ইরানের হামলার নিন্দা জানানোর পাশাপাশি এই সংকটের সূচনা কোথায় হয়েছিল, তা এড়িয়ে যাওয়া একধরনের কপটতা। দুই ক্ষেত্রেই ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহিংসতার স্থায়ী অবসান জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে মার্কিন বোমা হামলার জবাবে ইরান জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখে। দুই পক্ষেরই এই কঠোর অবস্থানের কারণে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতা প্রসঙ্গে মালয়েশিয়ার ৭৯ বছর বয়সী এই প্রবীণ নেতা জানান, সহিংসতার অবিলম্বে সমাপ্তি ঘটাতে হবে। তবে একই সাথে শক্তির প্রথম প্রয়োগের পেছনের কারণগুলোও খতিয়ে দেখতে হবে। বিশ্ববাসীর এই সত্য এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তিনি দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেন।

ফিলিস্তিন ও গাজা সংকট নিয়ে কথা বলতে গিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনের বর্তমান অবস্থাকে কেবল হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দিয়ে মূল্যায়ন করা সম্পূর্ণ ভুল হবে। হামাসের জন্মের বহু বছর আগে থেকেই গত সত্তর বছর ধরে এই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত ও নিপীড়ন চলে আসছে। তাই সামগ্রিক ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করে এই সংকটের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights