যুক্তরাষ্ট্রের চাকরি বাজারের মন্দা কাটছে না

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধ আর ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে অর্থনৈতিক চাপে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। গত মাসে মার্কিন নিয়োগকর্তারা অপ্রত্যাশিতভাবে ২৩ হাজার কর্মী ছাঁটাই করেছেন। এর পাশাপাশি ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের সংশোধিত তথ্যে মে ও জুন মাস মিলিয়ে আরও ১ লাখ ৩ হাজার চাকরি কম দেখানো হয়েছে। বিশ্লেষকরা ধারণা করেছিলেন জুলাই মাসে প্রায় ১ লাখ নতুন চাকরি যোগ হবে, যা এই বাস্তবতার সম্পূর্ণ বিপরীত।

তবে গত মাসে দেশটির বেকারত্বের হার সামান্য কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ২ শতাংশ। মূলত আরও বেশি মানুষ শ্রমবাজার ছেড়ে চলে যাওয়ায় বেকারত্বের এই হার কমেছে।

মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন মাস আগে এমন ধস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় সরকারি স্কুলগুলো থেকে ৫০ হাজার, রেস্তোরাঁ ও বার থেকে ২৬ হাজার এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে ১৯ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। গত জুনের পর থেকে জুলাইয়ের বেকারত্বের হার সর্বনিম্ন হলেও প্রায় ২ লাখ ৬৪ হাজার মানুষ শ্রমবাজার থেকে পুরোপুরি সরে গেছেন।

বিশেষজ্ঞরা বর্তমান অর্থনৈতিক অবস্থাকে ‘নো হায়ার, নো ফায়ার’ অর্থাৎ নতুন নিয়োগ বা বরখাস্ত না করার নীতি হিসেবে অভিহিত করছেন। করোনা মহামারীর পর তীব্র কর্মী সংকটের অভিজ্ঞতা থাকায় বর্তমান কর্মীরা ভালো চাকরির নিরাপত্তা উপভোগ করলেও, যারা কাজ হারিয়েছেন বা নতুন বাজারে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পারস্য উপসাগরের সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং প্রশাসনের অভিবাসন নীতির কড়াকড়ির ফলে সামগ্রিক নিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights