যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সংকীর্ণ হয়ে এসেছে : আইআরজিসি
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সংকীর্ণ হয়ে এসেছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।
রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইআরজিসি জানিয়েছে, তেহরান ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে (যদিও তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি)। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের সুর বা অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আইআরজিসি বলেছে, ‘এর একটাই ব্যাখ্যা হতে পারে-ট্রাম্পকে এখন হয় একটি ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি এখন সংকুচিত হয়ে গেছে।’
উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ইতোপূর্বে নয় দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে তেহরান স্থায়ীভাবে ‘যুদ্ধ বন্ধের’ লক্ষ্যে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান থেকে পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।
সূত্র : আল-জাজিরা।
