যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ‘নো কিংস’ নামের একটি সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ট্রাম্পের বিরল সামরিক কুচকাওয়াজের প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সামরিক কুচকাওয়াজটি ছিল ট্রাম্পের জন্মদিন এবং একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠান ঘিরে যে কোনো ধরনের প্রতিবাদ ‘কঠোর প্রতিরোধ’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আয়োজিত সামরিক প্যারেডে হাজারো সেনাসদস্য, ট্যাংক, সাঁজোয়া যান এবং ব্যান্ড দল অংশ নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাঁড়িয়ে থেকে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং স্যালুট জানান। ট্রাম্প তাদের উদ্দেশে বলেন, আমাদের সৈনিকরা কখনো হার মানেন না, কখনো আত্মসমর্পণ করেন না, তারা লড়াই করেন, জয় ছিনিয়ে আনেন। এদিকে এই আয়োজনের প্রতিবাদে দেশটির অনেক শহরে বিক্ষোভ হয় এবং এতে অংশ নেন লাখ লাখ মানুষ। খবরগুলোতে বলা হয়, শনিবার নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও হিউস্টনের মতো বড় শহরগুলোতে জনসমাগম ছিল উল্লেখযোগ্য। এসব শহরে আইনপ্রণেতা, ট্রেড ইউনিয়ন নেতা ও অধিকারকর্মীরা বক্তব্য দেন। অংশগ্রহণকারীরা হাতে আমেরিকার পতাকা ও ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন।

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছিল সবচেয়ে বড় ও উত্তেজনাপূর্ণ। বিক্ষোভের সময় ফেডারেল বিল্ডিংয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে জাতীয় রক্ষী বাহিনীর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights