যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল

অনলাইন ডেস্ক

তরুণ ব্যবহারকারীদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে আকৃষ্ট করা ও ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলার জুরি ট্রায়াল আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) শুরু হচ্ছে। এই বিচারপ্রক্রিয়া মেটার জন্য বড় ধরনের আইনি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

মামলায় ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ৩০টি অঙ্গরাজ্য অভিযোগ করেছে, শিশুদের ক্ষেত্রে ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে মেটা।

অঙ্গরাজ্যগুলো মেটার কাছে এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পরিবর্তন আনার দাবিও জানিয়েছে তারা। এর মধ্যে রয়েছে ‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধ করা এবং ‘ডুম স্ক্রলিং’ সুবিধা বাতিল করা।

মামলায় অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে তরুণ ব্যবহারকারীদের জন্য আরও বেশ কিছু পরিবর্তনের দাবি জানানো হয়েছে। এর মধ্যে কিশোরদের ক্ষেত্রে অভিভাবকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু, ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলে এমন অ্যালগরিদম পরিবর্তন, চেহারা পরিবর্তনকারী কিছু ছবি ফিল্টার সরিয়ে দেওয়া, ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বন্ধ, একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ সীমিত করা এবং নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায় এমন পোস্টের সুবিধা বন্ধ করার দাবি রয়েছে।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এসব সুবিধা এমনভাবে নকশা করা হয়েছে, যাতে বিশেষ করে শিশু-কিশোররা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান করে। ব্যবহারকারীদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে ঘন ঘন বিজ্ঞপ্তি পাঠানোর বিষয়টিও মামলায় তুলে ধরা হয়েছে।

মামলায় অঙ্গরাজ্যগুলো জয়ী হলে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মেটাকে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।

তবে মেটা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, অভিযোগগুলোর সঙ্গে তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন এবং প্রমাণের মাধ্যমে তরুণদের সহায়তা ও সুরক্ষায় মেটার প্রতিশ্রুতির বিষয়টি স্পষ্ট হবে।

সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights