যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মো. কবির হাসান মৃধার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে জানাজা শেষে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

গত ২০ জুন ফ্লোরিডায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকচাপায় নিহত হন কবির হাসান মৃধা (৫৫)। তিনি উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে। প্রায় ১৫ বছর আগে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

স্বজনরা জানান, শুক্রবার ভোরে কার্গো বিমানে তার মরদেহ দেশে পৌঁছায়। একই সময়ে পৃথক বিমানে দেশে ফেরেন তার স্ত্রী ও ১৬ বছর বয়সি ছেলে রিফাত মৃধা। পরে মরদেহ বরিশাল নগরীর থানা কাউন্সিল এলাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে।

দুপুর আড়াইটায় নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি তার ছিল গভীর টান। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে তিনি নিয়মিত সহযোগিতা করতেন।

ছাত্রজীবনে কবির হাসান মৃধা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি উজিরপুর উপজেলা বিএনপির দুইবারের অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights