যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানে চার রাজনীতিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগে ইরানে চারজন প্রভাবশালী সংস্কারপন্থি রাজনীতিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার রাত ও সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ করা হয়েছে, তারা সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় দেশের ‘রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা’ বিঘ্নিত করার অপচেষ্টা করেছিলেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ইরানের রিফর্মিস্ট ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক আইনপ্রণেতা ইব্রাহিম আসগরজাদেহ। তাদের আইনজীবী হোজ্জাত কেরমানি জানান, রিফর্মিস্ট ফ্রন্টের মুখপাত্র জাভাদ এমামকেও নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

ইরানের বিচার বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সামরিক হুমকি’র মধ্যে এসব ব্যক্তি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কাজে জড়িত ছিলেন।

রিফর্মিস্ট ফ্রন্ট গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মানসুরিকে গ্রেফতার করেছে এবং আরও কয়েকজন শীর্ষ নেতাকে তলব করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights