যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে : আইআরজিসির অভিযোগ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কোনো সামরিক সাফল্য অর্জিত হয়নি; বরং এতে নিরীহ মানুষের রক্তপাতই ঘটেছে বলে অভিযোগ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
বাহিনীর মুখপাত্র খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর থেকে শিশু, নারী ও নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের জ্বালানি ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন সেবা কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে বেসামরিক মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনীর এই মুখপাত্র সতর্ক করে বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় যদি একই ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান এমন পদক্ষেপ থেকে বিরত থেকেছে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর সরকারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করার আহ্বান জানান তিনি, যাতে যুদ্ধের আগুন আরও বিস্তার না লাভ করে।
এদিকে ইসরায়েল দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে চালানো বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ বাহিনী ‘কুদস ফোর্স’-এর তিনজন কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে রয়েছেন মাজিদ হাসিনি, আলি রেজা বি-আজার এবং আহমাদ রাসৌলি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনপ্রিয় পর্যটন এলাকা রাউশের একটি হোটেল কক্ষে চালানো ওই বিমান হামলায় প্রথমে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলা লেবাননে ইরানের উপস্থিতি এবং হিজবুল্লাহর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ আঘাত।
সূত্র: আল-জাজিরা
