যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য আলোচনায় এখন পর্যন্ত যা হলো

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও চীন দুই দিনব্যাপী লন্ডনের আলোচনায় একটি নতুন বাণিজ্য কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধান আলোচক লি চেংগাং। এই সমঝোতা গত ৫ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি’র ফোনালাপ এবং তার আগের জেনেভা বৈঠকের সিদ্ধান্তগুলোর ভিত্তিতে হয়েছে।

লি চেংগাং বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনার ভিত্তিতে একটি বাস্তবায়ন কাঠামো নিয়ে আমরা প্রাথমিকভাবে একমত হয়েছি।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও নিশ্চিত করেছেন, এই খসড়া এখন ট্রাম্প ও শি’র অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

লন্ডনে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মে মাসে জেনেভা বৈঠকে দুই পক্ষ একে অপরের পণ্যের ওপর ৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে সম্মত হয়েছিল।

তবে এরপর উত্তেজনা বাড়ে দুটি বিষয় নিয়ে— চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের তৈরি আধা-পরিবাহী প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার।

এই বিষয়ে লাটনিক বলেন, চীনের বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা এই সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সমাধান হবে। আর এসবের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যে পাল্টা পদক্ষেপ নিয়েছিল, সেগুলোরও ভারসাম্যপূর্ণ সমাধান হবে।

বর্তমানে উভয় পক্ষ আশাবাদী, রাষ্ট্রপ্রধানদের অনুমোদনের পর এ চুক্তি কার্যকর করা যাবে। চূড়ান্ত অনুমোদনের আগে হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights