যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের আশ্রয় দিচ্ছে কসোভো?

অনলাইন ডেস্ক

চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। হাজারও অভিবাসীকে দেশ থেকে বিতাড়িতও করেছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের সাময়িকভাবে আশ্রয় দিচ্ছে ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্র কসোভো।

বুধবার (১১ জুন) দেশটি এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, কসোভো সরকার বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত কিছু অভিবাসীকে তারা সাময়িকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তৃতীয় দেশের অভিবাসীদের গ্রহণ ও সাময়িক পুনর্বাসনের ব্যবস্থা করা হতে পারে।

এই উদ্যোগের আওতায় কসোভো এক বছর মেয়াদে সর্বোচ্চ ৫০ জন অভিবাসীকে সাময়িকভাবে আশ্রয় দিতে পারে, যাতে তাদের নিজ নিজ দেশে নিরাপদে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সহজ হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “সরকার এই প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত, যেখানে একটি প্রস্তাবিত তালিকা থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাছাই করা হবে, যারা আইনের শাসন ও জননিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন।”

এছাড়া কসোভো সরকার তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘অবিচল মিত্র’ হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, এই সহযোগিতা সেই সম্পর্কেরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights