যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান

অনলাইন ডেস্ক

আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামাত গাজা উপত্যাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালানোয় ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধের’ দায়ে অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মুসা ফাকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার ঘটনায় আমাদের নিন্দা জানানোর কোন ভাষা নেই। তাদের বর্বরোচিত হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।’

হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ায় ইসরায়েল ওই হাসপাতাল প্রাঙ্গণে হামলা চালায়। এতে সেখানে কমপক্ষে ৫শ’ জন নিহত হয়।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদ ফিলিস্তিনের জঙ্গিরা ভুল করে সেখানে রকেট হামলা চালিয়েছে।

ফাকি বলেন, ‘কোন হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল। আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যে কোন হাসপাতালকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।’

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফলে সেখানে যুদ্ধে উভয় পক্ষের কয়েক হাজার লোক ইতোমধ্যে নিহত হয়েছে।

গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারিয়েছে। এদিকে, ইসরায়েলে হামাসের হামলায় ১৪শ’ জনের বেশি নিহত হয়েছে। -বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights