যুবদল নেতা হত্যা: ৩ দিনের রিমান্ডে এডিসি শাহেন শাহ

আদালত প্রতিবেদক
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক এডিসি শাহেন শাহের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সকালে রাজধানীর বেইলী রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার করে পুলিশের রমনা বিভাগের একটি গোয়েন্দা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights